সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো: বদিউল আলম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান স্বৈরাচারী কাঠামোতে সরকার একটি জগদ্বল পাথরের মতো। এই জগদ্বল পাথর সরানো বড় দূরহ। প্রচার প্রচারণার মাধ্যমে গণভোটের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থাকে নির্মূল করতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমীতে আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্রের কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে এবারের নির্বাচনে দেশের মানুষ মতামত দেওয়ার সুযোগ পাবেন। সংস্কার কমিশনের ভিত্তিতে ৪৮টি বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি প্যাকেজে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট মানে আপনি সংস্কারের পক্ষে। আর না ভোট মানে, যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শিগগিরিই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালাব। মানুষ যেনো জেনে বুঝে ভোট দিতে পারে। কি কি সংস্কার হবে, এই সংস্কারের মাধ্যমে কি সুফল বয়ে নিয়ে আসবে।
সংস্কারের বিষয়ে গণভোট অর্ন্তভুক্ত উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনার জন্য আদালতে গিয়েছি এবং বর্তমানে এটি ফিরে এসেছে। গত বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা থাকলেও, দূর্ভাগ্যবশত আপিল বিভাগে তা স্থগিত হয়েছে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি, দেশে ফের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে।
সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এসময় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
