ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডির যোগদান

বাসস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রবিবার (২৮ ডিসেম্বর) যোগদান করেছেন নুজহাত আনোয়ার।

এর আগে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার এই নিয়োগকে অনুমোদন করেছে।

আজ ডিএসই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। যোগদানের পূর্বে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এ কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন।

আইএফসিতে কর্মরত অবস্থায় নুজহাত আনোয়ার লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী সংকটকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

এছাড়াও নুজহাত আনোয়ার বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় গ্যাবোরোনে আইএফসি’র কার্যক্রম প্রতিষ্ঠা এবং বতসোয়ানায় আইএফসি’র প্রথম বিনিয়োগসহ একটি টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নুজহাত আনোয়ারের পেশাগত দক্ষতার মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন ও মার্কেট অ্যাডভোকেসি।

কর্মজীবনের শুরুতে নুজহাত আনোয়ার সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে মোট ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে (ফিন্যান্স) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights