খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে নানা আয়োজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম দেখা যায়।

মহানগর বিএনপির উদ্যোগে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একই দিনে বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরবের উদ্যোগে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় একটি মাদরাসায় কোরআন খতম ও এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এতিম ছাত্রদের নিয়ে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাতের উদ্যোগেও একই ধরনের আয়োজন সম্পন্ন হয়।

এদিকে নারায়ণগঞ্জ শহরের ফ্রেন্ডস মার্কেটসহ অন্যান্য বাজারও বন্ধ রাখা হয়। ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে সারা নারায়ণগঞ্জবাসী শোকাহত। তিনি কোনো দলের একক নেত্রী ছিলেন না, বরং সমগ্র জাতির নেত্রী ছিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। এই জাতি কখনও তাকে ভুলতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights