২০তম বিশ্ব শিরোপা জিতে ইতিহাস গড়লেন দাবাড়ু কার্লসেন
স্পোর্টস ডেস্ক
বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্ব ব্লিৎজ দাবা চ্যাম্পিয়নশিপ জিতে নিজের ২০তম বিশ্ব শিরোপা নিশ্চিত করেন ৩৫ বছর বয়সী এই তারকা গ্র্যান্ডমাস্টার। এর মাত্র কয়েক দিন আগেই তিনি র্যাপিড ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছিলেন।
ব্লিৎজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্লসেনের প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের ২১ বছর বয়সী নোদিরবেক আবদুসাত্তোরভ। চার গেমের ফাইনালে প্রথম ম্যাচে হারলেও শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তন করেন কার্লসেন। চতুর্থ ও নির্ধারণী গেমে কালো ঘুটি নিয়ে জয় তুলে নিয়ে শিরোপা নিজের করে নেন তিনি।
ব্লিৎজ দাবার নিয়ম অনুযায়ী, প্রতিটি খেলোয়াড় শুরুতে তিন মিনিট সময় পান এবং প্রতি চালে অতিরিক্ত দুই সেকেন্ড যোগ হয়। কঠিন এই ফরম্যাটে কার্লসেন তার অভিজ্ঞতা ও কৌশলের স্বাক্ষর রাখেন পুরো টুর্নামেন্টজুড়ে।
বাছাইপর্বে ১৯টি ম্যাচের মধ্যে তিনটিতে হারলেও পয়েন্ট তালিকায় তৃতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন কার্লসেন। শেষ চারে তিনি যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছান। অন্যদিকে আবদুসাত্তোরভ সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠেন; তিনি ২০২১ সালের র্যাপিড বিশ্ব চ্যাম্পিয়ন।
এর আগে গত রবিবার র্যাপিড বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শিরোপা জেতেন কার্লসেন। এই ফরম্যাটে খেলোয়াড়রা ১৫ মিনিট সময় পান এবং প্রতি চালে ১০ সেকেন্ড করে যোগ হয়। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সরাসরি চ্যাম্পিয়ন হন তিনি, কারণ র্যাপিড বিভাগে আলাদা কোনো ফাইনাল ম্যাচ ছিল না। এর মাধ্যমে কাতারে নিজের ষষ্ঠ বিশ্ব র্যাপিড শিরোপা জেতেন কার্লসেন।
বর্তমানে ম্যাগনাস কার্লসেনের ঝুলিতে রয়েছে নয়টি ব্লিৎজ, ছয়টি র্যাপিড এবং পাঁচটি ক্লাসিক্যাল বিশ্ব শিরোপা। তবে অনুপ্রেরণার অভাবের কথা জানিয়ে ২০২৩ সালে ক্লাসিক্যাল বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট ছেড়ে দেন তিনি। বর্তমানে সেই শিরোপা ভারতের ডোম্মারাজু গুকেশের দখলে।
এরই মধ্যে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) প্রস্তাবিত নতুন ফরম্যাট ‘টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর’-কে সমর্থন দিয়েছেন কার্লসেন। এই প্রতিযোগিতায় ফাস্ট ক্লাসিক, র্যাপিড ও ব্লিৎজ—তিন ফরম্যাট মিলিয়ে একজন সম্মিলিত বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।
