বছরের শুরুতেই দুঃসংবাদ: হাঁটুর চোটে খেলতে পারবেন না এমবাপে

শীতকালীন বিরতির পর আবার মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। আগামী ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার লড়াই শুরু করবে দলটি। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল শিবির। হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপেকে এই ম্যাচে পাওয়া যাবে না।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ফরোয়ার্ড এমবাপের হাঁটুর লিগামেন্টে চিড় ধরা পড়েছে। একই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ। তাদের প্রতিবেদনে বলা হয়, এমবাপে কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর লিগামেন্টের চোট নিয়ে খেলছিলেন। শুরুতে চোটটিকে গুরুতর মনে না করলেও বুধবার সকালে করা এমআরআই স্ক্যানে লিগামেন্টে সমস্যা ধরা পড়ে।

চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে এমবাপের অন্তত তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। ফলে আগামী ২১ থেকে ৩০ দিনের মধ্যে মাঠে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তার। সাম্প্রতিক ম্যাচগুলোতে গতি বাড়াতে গিয়ে তিনি নিজেকে সীমাবদ্ধ মনে করছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চোটের বিষয়টি আগেই কিছুটা আঁচ করা যাচ্ছিল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এমবাপেকে অব্যবহৃত বদলি হিসেবে রাখা হয়েছিল।

এদিকে এক বিবৃতিতে এমবাপের চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর তার বাঁ হাঁটুতে মচকানো (স্প্রেইন) ধরা পড়েছে। তার সুস্থতার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights