খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করতে হবে : প্রিন্স
অনলাইন ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশ, জনগণ, রাজনীতি, গণতন্ত্র ও নীতির প্রশ্নে আপোষহীন এক হার না মানা নেত্রী। সে কারণেই তিনি জনগণের হৃদয়ে গভীরভাবে অবস্থান করছেন। চরম অসুস্থ অবস্থাতেও তিনি হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তিনি যে রাজনীতি, কর্মসূচি, দৃঢ়তা, মনোবল ও সাহস রেখে গেছেন-তাতে তিনি কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন, সাহস যোগাবেন।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত যৌথ সভায় ময়মনসিংহ-১ নির্বাচনী এলাকার অন্তর্গত দুই উপজেলা ও একটি পৌর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।
প্রিন্স আরও বলেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে সমগ্র দেশবাসী শোকাভিভূত। জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি ছিলেন জাতির অভিভাবক, বাংলাদেশপন্থী রাজনীতির পাঠশালা। অভিভাবক হারিয়ে আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে, তবে তিনি আরেকটি ছায়া রেখে গেছেন-তারেক রহমানের নেতৃত্ব।
তিনি শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেই দেশনেত্রীর প্রতি প্রকৃত সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে হবে। এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।
যৌথ সভায় বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
