গাম্বিয়ায় নৌকাডুবি: সাত অভিবাসীর মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

অনলাইন ডেস্ক
গাম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে নৌকাটিতে দুই শতাধিক মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের দিকে নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। পরে নৌকাটিকে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় শনাক্ত করা হয়।

খবর পাওয়ার পর নৌবাহিনীর তিনটি স্পিডবোট, একটি উপকূলীয় টহল জাহাজ ও স্বেচ্ছায় এগিয়ে আসা জেলেদের একটি মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা জরুরি চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে এখনো তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এই দুর্ঘটনাটি আবারও তুলে ধরেছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়া সমুদ্রপথের চরম ঝুঁকি। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান।

অন্যদিকে, মানবাধিকার সংগঠন ‘কামিনান্দো ফ্রোনতেরাস’-এর হিসাবে, একই পথে যাত্রা করতে গিয়ে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights