খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কালিপদ মণ্ডল এবং রাত সাড়ে আটটার দিকে ইলিয়াস সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথে বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি।
দুর্ঘটনার পর আহত পাঁচজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কালিপদ মণ্ডল ও ইলিয়াস সরদার মারা যান।
খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
