বাংলাদেশ সফরেও কি আসবে না ভারতীয় দল?

স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা ইস্যু সামনে এনে আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর রেশ কাটতে না কাটতেই এবার অনিশ্চয়তায় পড়েছে চলতি বছর ভারতের বাংলাদেশ সফরও।

বিসিসিআই সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড। সরকারের অনুমতি ও নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে বিসিবি ঘোষণা দিয়েছিল, আগস্ট-সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে বিসিবির সেই ঘোষণার মাত্র এক দিনের মধ্যেই সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

উল্লেখ্য, এই সিরিজটি আগেও একবার পিছিয়েছিল। প্রথমে ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দুই বোর্ডের আলোচনায় তা ২০২৬ সালের জন্য পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আবারও সফরটি স্থগিত হলো।

সূত্র: এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights