‘হতাশ মুস্তাফিজ’

অনলাইন ডেস্ক
আইপিএলের মিনি নিলামে তীব্র প্রতিযোগিতার পর মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে অর্থাৎ ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ আর বাস্তবে রূপ নিচ্ছে না।

ভারতের ভেতরে চলমান উত্তেজনা ও বিভিন্ন মহলের বয়কটের আহ্বানের প্রেক্ষাপটে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কলকাতাকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে। নির্দেশনা মেনে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তারা মুস্তাফিজকে স্কোয়াড থেকে অব্যাহতি দিয়েছে। ফলে এবারের আইপিএলে আর দেখা যাবে না ‘কাটার মাস্টার’কে।

খবরটি ছড়িয়ে পড়ার পর দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএল ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়, একই সঙ্গে কেকেআরের সমর্থকসংখ্যা কমতে থাকে বলে দাবি করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুস্তাফিজ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ছেড়ে দিলে কী আর করার।” ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আইপিএল থেকে বাদ পড়ার খবরে তিনি ‘স্পষ্টতই হতাশ’।

ফর্মের দিক থেকেও সময়টা ছিল মুস্তাফিজের অনুকূলে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে ছিলেন তিনি। আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তাঁর বোলিং নজর কেড়েছিল। এমন অবস্থায় আইপিএলে, বিশেষ করে ইডেন গার্ডেনসের সহায়ক কন্ডিশনে, তাঁর কার্যকারিতা নিয়ে প্রত্যাশা ছিল বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights