ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে প্রয়োজনে আইসিসিতে বসবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনলেও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়ার পরই শুরু হয়েছে বিতর্ক। তার মধ্যেই উঠে এসেছে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে মুস্তাফিজকে আইপিএলে রাখা হয়নি। এই পরিস্থিতিতে বিশ্বকাপের সময় কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিলেটে সংবাদ সম্মেলনে এ বিষয়ে মন্তব্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার প্রয়োজন হলে আইসিসির সঙ্গে করব।’

এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে স্বাগতিক হিসেবে আছে শ্রীলঙ্কাও। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এ বিষয়ে বিসিবি মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘আইসিসিই নির্ধারণ করবে কোন ভেন্যু উপযুক্ত হবে।’

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার পর কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবি বলছে, এখনও তারা আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের কাছ থেকে কোনো তথ্য পাননি।

মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ রাত সাড়ে ৯টায় জরুরি বৈঠকে বসেছে বিসিবি পরিচালকেরা। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights