জকসু নির্বাচন : শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। পরবর্তীতে মাহিমাকে ছেড়ে দেয় পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। মহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। জানা যায়, ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন ওই শিক্ষার্থী। এসময় হিজাব ও নিকাব পরিহিত ছিলেন তিনি। পরবর্তীতে তাকে দেখে তার পরিচয় জানতে চেয়ে মাস্ক খুলতে বলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় ভুক্তভোগী ও শিক্ষার্থী মাহিমা বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম তখন ছাত্রদলের ভাইয়েরা এসে আসাকে হেনস্তা করে। সাথে আমার এক আত্নীয় ছিলো আমরা গেটের বাইরেই অবস্থান করছিলাম। এসময় আমি হিজাব পরিহিত থাকায় মাস্ক খুলতে বলে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, তিনি আমার স্ত্রী ও এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। এদিন সকাল থেকেই ছাত্রদল গেটের বাইরে ধাক্কাধাক্কি করে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘মব’ সৃষ্টি করে। এ ধরনের আচরণ কোনওভাবেই কাম্য নয়।
যদিও এ অভিযোগ নিয়ে জবি ছাত্রদলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিষয়টি নজরে আসার পর এটি সমাধান করে দিয়েছি।
