ট্রাম্পকে নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার মাচাদো
অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার বিরোধীনেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন।
গতকাল সোমবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি এ কথা জানান।
মাচাদো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গত অক্টোবরের ১০ তারিখে কথা বলেছি, সেই দিনই আমার পুরস্কারের ঘোষণা হয়েছিল। তার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।’
মাচাদো বলেন, ‘পুরস্কার জেতার পরই আমি এটি ট্রাম্পকে উৎসর্গ করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এটা বলতে পারলে খুশি হব।’
মাচাদো আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তিনি (ট্রাম্প) অক্টোবরেই এটি পাওয়ার যোগ্য ছিলেন। তিনি বিশ্বের কাছে প্রমাণ করেছেন, এর আসল অর্থ কী। আমি বলতে চাই, স্বৈরাচারের (মাদুরো) ওপর জয়ী হওয়া ৩ জানুয়ারি ইতিহাসের পাতায় লেখা থাকবে, এদিন ন্যায়বিচারই জয়ী হয়েছে। এটা একটি মাইলস্টোন।’
এ সময় ট্রাম্পকে মাচাদো নোবেল শান্তি পুরস্কার দিতে চান কি না জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি। আমি অবশ্যই এটি তাকে দিতে চাই, একত্রে ভাগাভাগি করতে চাই।’
গত শনিবার মার্কিন সরকার সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। এছাড়া ট্রাম্প অস্থায়ীভাবে দেশটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে সেনা মোতায়েনের কথাও বলেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
