নাসা গ্রুপের চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট

বাসস
অনলাইন ভার্সন

এক্সিম ব্যাংক থেকে ৬১৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

২০২৫ সালের ২০ আগস্ট কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করা হয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ এনে চার্জশিট দাখিল করা হয়েছে।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সাবেক এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহ মো. আব্দুল বারী, সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মইদুল ইসলাম, মাকসুদা খানম, মো. জসিম উদ্দিন ভূইয়া, নাসরিন ইসলামসহ মোট ৩০ জন।

দুদক সূত্র জানায়, এ মামলায় এজাহারনামীয় আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্তকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights