ইরানে সরকারি টিভি চ্যানেল সংশ্লিষ্ট ভবনে আগুন
অনলাইন ডেস্ক
ইরানের ইস্ফাহানে সরকারি টিভি চ্যানেল আইআরআইবির সংশ্লিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। দেশটিতে গত কয়েকদিন ধরে চলা ব্যাপক বিক্ষোভের মধ্যে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট ভবনের সঙ্গে আরও কয়েকটি ভবনে আগুন জ্বলছে। এ ভিডিওর সত্যতা যাচাই করছে তারা।
বিবিসি বলেছে, যে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে সেই স্থানের গুগল আর্থের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা দেখেছে সেখানে ইয়ং জার্নালিস্ট ক্লাবের অফিস রয়েছে। যা সরকারি টিভি আইআরআইবির একটি সহযোগী প্রতিষ্ঠান।
কী কারণে সেখানে আগুন লেগেছে এটি এখনো স্পষ্ট এবং কেউ হতাহত হয়েছে কি না সেটিও নিশ্চিত নয়।
এদিকে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, দেশজুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ।
সংস্থাটির মতে, সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা এখন পর্যন্ত চলছে। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে। সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও।
