ধারাবাহিক অভিযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কালের কণ্ঠের অন্যতম পৃষ্ঠপোষক, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। সঙ্গে ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান, কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী

অগণিত পাঠকের আস্থা ও ভালোবাসা সম্বল করে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ আজ ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে সংবাদ পরিবেশন, প্রযুক্তি ও পাঠাভ্যাস-তবু সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধ সাংবাদিকতার মূলমন্ত্র আঁকড়ে ধরে এগিয়ে চলেছে কালের কণ্ঠ। গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করেন জনপ্রিয় দৈনিকটির অন্যতম পৃষ্ঠপোষক ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। সঙ্গে ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন বিভাগের প্রধানরা। কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ‘কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এই দীর্ঘ সময়ে পাঠকদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে। সামনের দিনগুলোতেও আমরা পাঠকদের পাশে পাব-এই বিশ্বাস আমাদের এগিয়ে চলার শক্তি।’ নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, ‘সময় বদলেছে, চ্যালেঞ্জ বেড়েছে। কিন্তু বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার জায়গা থেকে একচুলও সরে আসেনি কালের কণ্ঠ। এই দৃঢ় অবস্থানে থাকার পেছনের মূল কারিগর বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান। তিনি সব সময় মানুষের ভোগান্তি, দুর্নীতি ও দেশের স্বার্থবিরোধী সব বিষয় সাহসের সঙ্গে তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। পাঠকেরা তা হৃদয় থেকে গ্রহণ করেছে এবং করে চলেছে। দীর্ঘ সময় ধরে পাঠকের এই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

পাঠকের সঙ্গে দিনভর শুভেচ্ছাবিনিময় : ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাক্সক্ষীরা এতে অংশ নিচ্ছেন।

পুরো সত্য জানানোর অঙ্গীকার : ২০১০ সালের ১০ জানুয়ারি ‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, ১৬ বছর পেরিয়েও সেই দর্শনেই অবিচল রয়েছে কালের কণ্ঠ। সময়ের পরিবর্তনে সংবাদ উপস্থাপনার ধরন বদলালেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধির চর্চা-এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে পত্রিকাটির সম্পাদকীয় দর্শন। এই দীর্ঘ সময়ে কালের কণ্ঠ শুধু একটি সংবাদপত্র নয়, বরং পাঠকের বিশ্বাসের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ-সব ক্ষেত্রেই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকেছে কালের কণ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights