সবাই সচেতন হলে দেশে আর স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না: ড. সায়মা ফেরদৌস

কুমিল্লা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, সবাই যার যার অবস্থান থেকে সচেতন হলে এবং নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হলে এ দেশে আর কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বঞ্চনা ও নির্যাতনের ফল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রক্তদান সংগঠন সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সায়মা ফেরদৌস বলেন, দেশের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ বিরল দৃষ্টান্ত। রাজপথে তাঁর দৃঢ় কণ্ঠস্বর এবং অন্যায়ের সঙ্গে আপোষ না করার অবস্থানের কারণেই আজ আমরা স্বৈরাচারমুক্ত দেশ গড়ার পথে এগোতে পেরেছি।

তিনি বলেন, আবু সাঈদের বিশ্বাসে ভরা বুক, মুগ্ধের তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়াতে গিয়ে জীবন উৎসর্গ এবং ওয়াসিমের আত্মত্যাগ—এসবের যথাযথ মূল্যায়ন আমাদের করতেই হবে। জুলাইকে হেরে যেতে দেওয়া যাবে না।

সায়মা ফেরদৌস বলেন, এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে। আমরা পরিবর্তনের কথা বলি, কিন্তু সেই পরিবর্তন একদিনে সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সৎভাবে নিজের দায়িত্ব পালন করলেই পরিবর্তন সম্ভব।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোটের অধিকার মানে—আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব। এটি প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার, যা দীর্ঘদিন ধরে কেড়ে নেওয়া হয়েছিল।

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, ভোটের গুরুত্ব বুঝতে হবে। যারা স্বাস্থ্যখাতের উন্নয়ন করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে, পাহাড় ও সমতলের মানুষকে একই বাংলাদেশি প্ল্যাটফর্মে আনবে, কর্মসংস্থান সৃষ্টি করবে—বিবেচনা ও বিবেকের আলোকে তাদেরই ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেম তখনই জাগ্রত হয়, যখন রাষ্ট্র দেশপ্রেমকে মূল্যায়ন করে।

কুমিল্লার প্রতি আবেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি গর্ববোধ করি আমি কুমিল্লার মেয়ে। কুমিল্লায় যতবারই আসি, ততবারই মনে হয় নিজের ঘরে ফিরে এসেছি।’

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মোহাম্মদ তাইয়্যেবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সন্ধানী কুমেক ইউনিটের সাধারণ সম্পাদক আসিফ মোস্তফা। শোক প্রস্তাব উপস্থাপন করেন ডা. সাঈদ মো. সারোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ।

এছাড়াও বক্তব্য দেন কুমেকের উপাধ্যক্ষ ডা. সজীবুর রশিদ, ড্যাব কুমেক শাখার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ডা. রফিকুর রহমানসহ চিকিৎসক ও সাবেক সন্ধানিয়ান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights