গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত ছাত্রদলের অভিষেক ও মিলনমেলায় আনুষ্ঠানিকভাবে তারা সংগঠনটিতে যুক্ত হন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহ-সভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীনসহ অন্যরা।

প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই-গণঅভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূলত ছাত্ররা প্রথমে নেতৃত্বে এগিয়ে এসেছিল। পরে ফ্যাসিস্টবিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতৃবৃন্দরাও অনুপ্রেরণা যুগিয়েছে ও সহায়তা করেছে।

তিনি আরও বলেন, আগামী দিনে জুলাই-গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে। ফ্যাসিস্টরা যে কাজ করে গেছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে। বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদলকে নতুন আঙ্গিকে সময়োপযোগী ছাত্রদলে পরিণত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights