মাচাদোকে জরুরি বৈঠকে বসার জন্য ডেকেছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি বৈঠকে বসার জন্য ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন ভেনেজুয়েলার শান্তিতে নোবেলজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই হাই-প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হোয়াইট হাউসে।

নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার পর থেকে ভেনেজুয়েলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়া মাচাদোর এই রাজকীয় প্রত্যাবর্তন কারাকাসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এই ‘বিকল্প কার্ড’ ব্যবহার করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

গত ৩ জানুয়ারি মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির সেনাবাহিনী ও আদালতের সমর্থনে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান এবং ট্রাম্প প্রশাসন দ্রুতই তাকে সমর্থন জানায়। তবে গত কয়েক দিনে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে যখন স্বেচ্ছায় নির্বাসনে থাকা মাচাদো নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পরপরই ওয়াশিংটন মাচাদোকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করে গেলেও তাকে কড়া হুশিয়ারি দিয়ে রেখেছেন। বিশেষ করে ভেনেজুয়েলার বিশাল তেলের মজুত সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটনের ইচ্ছা-অনিচ্ছার সঙ্গে তাল মিলিয়ে না চললে দেলসিকেও চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে রিপাবলিকান এই নেতা স্পষ্ট করে দিয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights