বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করা সৈয়দ এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
একরামুজ্জামান বহিষ্কার হওয়ার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরামুজ্জামান এবার ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হলেও পরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
