থমথমে ইরান, আসলে তেহরানে কি ঘটছে?

অনলাইন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানজুড়ে বর্তমানে থমথমে বিরাজ করছে। শহরটির এক বাসিন্দা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের দমনে অভিযান চালাচ্ছে ইরানি বাহিনী। ফলে রাজধানীতে এখন চরম আতঙ্ক ও উত্তেজনাময় আবহ।

নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি জানান, এই অভিযান জনমনে দুঃসহ পরিবেশ তৈরি করেছে। মানুষ এতটাই ট্রমার মধ্যে রয়েছে যে যা ঘটেছে তা নিয়ে কথা বলাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিগত দুই দিন শহরটি তুলনামূলক শান্ত থাকলেও রাত আটটার পর এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে সেখানে এক ধরণের আধা-সামরিক অবস্থা বিরাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও মানুষজন নিজ নিজ এলাকার ভেতরে জড়ো হচ্ছে, তবে পুলিশ সাধারণ স্লোগান বা জমায়েত সহ্য করলেও পরিস্থিতির সামান্য অবনতি দেখলেই সহিংস প্রতিক্রিয়া জানাচ্ছে। এমনকি কাছ থেকে সরাসরি গুলি চালানোর মতো ঘটনাও প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা।

এদিকে দেশটিতে রাষ্ট্রীয়ভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখায় নিহতের প্রকৃত সংখ্যা নিরুপণ করা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে, গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২,৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইন্টারনেট সংযোগ না থাকায় তেহরানের অধিকাংশ মানুষ সাম্প্রতিক সময়ের রক্তক্ষয়ী ফুটেজ দেখতে পাননি। সেখানে খবরের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে মানুষের মুখের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights