নিখোঁজের ২০ দিন পর বাসা থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২০ দিন পর এক মা ও তার কিশোরী মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)। ফাতেমা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকায় শামীম মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ফাতেমার গৃহশিক্ষিকা মিমের ভাড়া বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি চৌধুরী জানান, ফ্ল্যাটের ভেতরে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের লাশ এবং ছাদ থেকে তার মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি অর্ধগলিত অবস্থায় ছিল।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

নিহত রোকেয়া রহমানের স্বামী মো. শাহীন মিয়া, যিনি পেশায় একজন আইনজীবী, ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে স্ত্রী ও মেয়ের নিখোঁজের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ ঘটনায় পুলিশ ফাতেমার গৃহশিক্ষিকা মিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights