মাশহাদে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ইরান
অনলাইন ডেস্ক
ইরানে ছড়িয়ে পড়া নজিরবিহীন বিক্ষোভ ও অস্থিরতা দমনে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ব্যাপক হারে সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার আজারনিউজ এক প্রতিবেদনে জানায়, পরিস্থিতির অবনতি ঠেকাতে মাশহাদে অতিরিক্ত সেনার পাশাপাশি বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শহরের প্রধান প্রবেশ ও বাহির পথগুলোতে ইতিমধ্যে সশস্ত্র সেনাসদস্য এবং সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। মূলত ক্রমবর্ধমান গণঅসন্তোষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেই লক্ষ্যেই এমন কঠোর অবস্থান নিয়েছে তেহরান।
গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া এই আন্দোলন ইতিমধ্যে দুই সপ্তাহ অতিক্রম করেছে। মাশহাদসহ দেশটির বড় শহরগুলোতে বিক্ষোভকারীরা রাজপথে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে এবং তারা রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছে। মাশহাদের প্রধান সড়কগুলোতে বড় ধরনের জমায়েত হওয়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে বিক্ষোভকারীরা নজরদারি ক্যামেরা অকেজো করে দিয়ে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থান নিয়েছে।
দেশটির চলমান অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক নিপীড়নের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই গণবিক্ষোভের সূত্রপাত ঘটে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মুখে এ পর্যন্ত দেশজুড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ও বিক্ষোভকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার।
