ভারতের অভিযোগ ভিত্তিহীন, নিয়ন্ত্রণরেখায় সন্ত্রাসী ক্যাম্প নেই: পাকিস্তান
অনলাইন ডেস্ক
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসী ক্যাম্প থাকার দাবি নাকচ করে ভারতের সেনাপ্রধানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, ভারতের সেনাপ্রধানের দেওয়া অভিযোগ ‘ভিত্তিহীন’, পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় তথাকথিত সন্ত্রাসী ক্যাম্প থাকার দাবি সত্য নয়।
এর আগে গত মঙ্গলবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’ পরিচালনার পরও নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত ছয়টি সন্ত্রাসী ক্যাম্প সক্রিয় রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের কাছে সক্রিয় রয়েছে আরও দুটি। তিনি হুঁশিয়ারি দেন, কোনো ‘অসৎ তৎপরতা’ হলে ভারত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
এ প্রসঙ্গে তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, ‘পাকিস্তানে তথাকথিত সন্ত্রাসী ক্যাম্প থাকার বিষয়ে ভারতের সেনাপ্রধানের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’ সন্ত্রাসের বিষয়ে তিনি পালটা দাবি করেন, ভারতের নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদব পাকিস্তানের ভেতরে গোপনভাবে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন এবং এ বিষয়ে তাদের কাছে সরকারি প্রমাণ আছে।
তিনি বলেন, উপেন্দ্র দ্বিবেদীর দাবিগুলো ‘অদ্ভুত, অভ্যাসগত ও কিছুটা বিভ্রান্তিকর’।
এছাড়া ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ত্যাগ ও প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে স্বীকৃত’ উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা ভারতশাসিত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরকে আলাদা করে রেখেছে। এই রেখা বরাবর দুই দেশের সেনারা অবস্থান করছেন। অঞ্চলটি ঘিরে দুই পক্ষের মধ্যে মাঝেমাঝে উত্তেজনা, গোলাগুলি ও পাল্টাপাল্টি অভিযোগ দেখা যায়।
সূত্র: সামা টিভি
