জাতীয় শিক্ষা সপ্তাহে গোল্ড মেডেল অর্জন বগুড়ার সৌমিকার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে বগুড়ার কৃতী শিক্ষার্থী সৌমিকা লাহিড়ী। দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন করে সে গোল্ড মেডেল এবং নজরুল সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য মেডেল লাভ করেছে। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সারাদেশের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সৌমিকা লাহিড়ী বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতে তার হাতেখড়ি। বগুড়ার ত্রিতাল শিশু মনন বিকাশ কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি এবং উদীচী শিল্পীগোষ্ঠীতে সে নিয়মিত সঙ্গীত প্রশিক্ষণ গ্রহণ করে। তার প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রশিক্ষক উমা দাস। পরবর্তীতে প্রণব কান্ত স্যানাল, উচ্চাঙ্গ সঙ্গীতে আব্দুল আলিম ও রোজিনা আলিম এবং রিপন দত্তের কাছে প্রশিক্ষণ গ্রহণ করে।

সৌমিকার বাবা সৌম্য লাহিড়ী জানান, সঙ্গীতের পাশাপাশি তার মেয়ে তালযন্ত্রেও পারদর্শী। বগুড়া জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বিমল কবিরাজের কাছে তবলার প্রশিক্ষণ সম্পন্ন করেছে সে।

এর আগে ২০২১ সালে জাতীয় পর্যায়ে নজরুল ও লালন সংগীতে প্রথম স্থান অর্জন করে এক জোড়া গোল্ড মেডেল লাভ করে সৌমিকা। ২০২২ ও ২০২৩ সালে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীতে প্রথম স্থান এবং দেশাত্মবোধক গানে দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া ২০২৩ সালে জাতীয় তবলা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩-এ পঞ্চগীতি কবির গানে প্রথম স্থান এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সে। ২০২৫ সালে জাতীয় শাপলা কুঁড়ি প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীতে তৃতীয় ও লোকসংগীতে প্রথম স্থান অর্জন করে।

এখন পর্যন্ত সৌমিকা লাহিড়ী মোট ১১টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে পাঁচটি গোল্ড মেডেল ও ছয়টি রৌপ্য মেডেল রয়েছে। সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর প্রতিযোগিতায় আবারও জাতীয় পর্যায়ে সাফল্য এনে বগুড়ার মুখ উজ্জ্বল করেছে এই কিশোরী শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights