ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সাত দিনের মধ্যে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল। মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের পুঁজি অর্ধেকের বেশি কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না। তাই ১ ফেব্রুয়ারি থেকে ফ্যাক্টরি বন্ধ থাকবে, বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘সম্প্রতি ক্রিকেট খেলাসংক্রান্ত বিষয়ে সরকারের মধ্যে যে দেশপ্রেমের প্রকাশ আমরা দেখছি, দেশি টেক্সটাইল শিল্প রক্ষায় তার সামান্য প্রতিফলনও দেখতে পাচ্ছি না। বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়। এর পেছনে কোনো বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে কি না, খতিয়ে দেখা জরুরি।’

বিটিএমএ সভাপতি আরও বলেন, ‘আমাদের সমস্যা সমাধানে সরকারের সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি। কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। সবাই “পিলো পাসিং”য়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনো সিদ্ধান্ত আসছে না। দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights