নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। জনগণের এই অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’

গণসংযোগকালে আমানউল্লাহ আমান ভোটারদের একত্রিত হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে নির্বাচনকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।’

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা ভোটারদের ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights