দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না : সানজিদা তুলি

অনলাইন ডেস্ক

জাতীয় নির্বাচন সামনে রেখে শুরু হওয়া ভোটের প্রচারণায় প্রার্থী ও কর্মী সমর্থকেরা ভোটারদের কাছে গিয়ে নিজ দলের পক্ষে প্রচার চালালেও সেখানে যেন ধর্মকে টেনে আনা না হয় সে অনুরোধ জানিয়েছেন ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা রাজধানীর মিরপুরের মাজার রোডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন গত এক বছর ধরে দলবাজির রাজনীতিতে ধর্মকে টেনে আনা হচ্ছে যা অপ্রত্যাশিত।

ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে সানজিদা ইসলাম তুলি বলেন রাজনীতি লুকিয়ে করার কোনো বিষয় নয়। প্রত্যেক ধর্ম বর্ণের মানুষ যেন সুন্দরভাবে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাই তার প্রত্যাশা। তিনি বলেন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও এখানে সব ধর্ম বর্ণের মানুষের সহাবস্থানের ঐতিহ্য রয়েছে।

ধানের শীষের এ প্রার্থী আরও বলেন ঢাকা ১৪ আসনের এলাকা অনেক বড় হলেও প্রচারণার সময় খুবই সীমিত। তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তিনি দেখছেন ধানের শীষের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ অনেক বেশি।

তিনি বলেন রাজনীতি জনগণের কল্যাণের জন্য। কিন্তু দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না। আমরা ছোটবেলা থেকেই সব ধর্ম বর্ণের মানুষের সঙ্গে সহাবস্থানের সংস্কৃতিতে বড় হয়েছি। এই সংস্কৃতি নষ্ট হোক কেউ তা চায় না।

দেশকে গণতন্ত্র ও সুশাসনের ধারায় ফেরাতে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান সানজিদা ইসলাম তুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights