জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির

দিনাজপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে, আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না। তাই আমরা চাঁদা নেব না আর কাউকে চাঁদা নিতে দেব না। নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতেও দেব না।

নারী স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তারা মায়ের জাতি। আমরা তাদের জন্য একসাথে বাড়িতে ও চাকরিতে নিরাপদ পরিবেশ গড়ে তুলবো। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই। টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায় সেই ব্যবস্থা করবো। যারা জামায়াতের নারীদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখে ভীত সন্ত্রস্ত তারাই বলে জামায়াত নারীদের ঘরে আটকিয়ে রাখতে চায়।

শুক্রবার দুপুরে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলার ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় তিনিন এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারে ঢাকা হতে পঞ্চগড়ে আসেন। সেখানে জনসভা শেষে তিনি দিনাজপুর বড়ময়দানের জনসভায় যোগ দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে সংঘাত হবে না। বাংলাদেশের টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করা হবে না। যারা টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে।

তিনি বলেছেন, উত্তরবঙ্গ হবে কৃষির রাজধানী, কৃষিকে আধুনিকায়ন করা হবে, কৃষিপণ্যের সংরক্ষণের ব্যবস্থা করা হবে। সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয় দিনাজপুর। এই দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

জামায়াত আমির বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জামায়াত আমির বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ বলবো।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমান, দিনাজপুর-২ আসনের প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর- ৩ সদর আসনের প্রার্থী মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা ও দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights