সিডনির স্বপ্ন ভেঙে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ

অনলাইন ডেস্ক

বিগ ব্যাশ লিগের ফাইনালে একপ্রকার একতরফা আধিপত্য দেখাল পার্থ স্কচার্স। সিডনি সিক্সার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাসে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিবিএলের শিরোপা জিতল ফ্র্যাঞ্চাইজিটি। মাত্র ১৩২ রানে সিক্সার্সকে গুটিয়ে দিয়ে ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ।

বিবিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড আগেই ছিল পার্থ স্কচার্সের দখলে। এবারের শিরোপা জয়ের মাধ্যমে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা। অন্যদিকে, তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে সিডনি সিক্সার্সের।

পার্থে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিডনি। শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার ড্যানিয়াল হিউজ ফিরে যান মাত্র ৭ রান করে। এরপর স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও অধিনায়ক মোজেস হেনরিকস তিনজনই করেন ২৪ রান করে। মাঝের ও নিচের সারির ব্যাটারদের কেউই বিশের কোটা ছুঁতে না পারায় ইনিংস শেষ হয় ১৩২ রানেই।

পার্থ স্কচার্সের হয়ে বল হাতে দারুণ ছিলেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পাইনে। দুজনেই নেন তিনটি করে উইকেট। এছাড়া মাহলি বেয়ার্ডম্যান শিকার করেন দুটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পার্থকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতেই আসে ৮৫ রান, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পার্থের হাতে তুলে দেয়। ফিন অ্যালেন ২২ বলে ৩৬ রান করে ফিরলেও মার্শ খেলেন ৪৪ রানের কার্যকর ইনিংস। এরপর অ্যারন হার্ডি করেন ৫ রান, আর অধিনায়ক অ্যাস্টন টার্নার আউট হন মাত্র ২ রানে।

শেষদিকে জশ ইংলিশ ও কুপার কনোলির ব্যাটে কোনো নাটকীয়তা ছাড়াই জয় নিশ্চিত করে পার্থ। ইংলিশ ২৯ ও কনোলি ২ রানে অপরাজিত থাকেন।

আর তাতেই উৎসব শুরু পার্থ স্কচার্স শিবিরে। বিবিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights