বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া ইউএই-তে কাজ করলেই জেল-জরিমানা

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈধভাবে কাজ করতে হলে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের (এমওএইচআরই) অনুমোদিত ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক—এ কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো নিয়োগকর্তা শ্রমিক নিয়োগ বা কাজে নিয়োজিত করতে পারবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, শ্রম আইনের মূল লক্ষ্য হলো কর্মসংস্থানের সম্পর্ক সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ, শ্রমিক শোষণ প্রতিরোধ এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা।

বর্তমানে ইউএই সরকার মোট ১২ ধরনের ওয়ার্ক পারমিট স্বীকৃতি দিয়েছে, যা বিভিন্ন ধরনের কর্মসংস্থান কাঠামো ও শ্রমিকের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের ওয়ার্ক পারমিট। এই পারমিটের মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে।

এ ছাড়া ট্রান্সফার ওয়ার্ক পারমিট দেশের ভেতরে অবস্থানরত অনাগরিক শ্রমিকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেয়। ডিপেন্ডেন্ট ভিসাধারীদের জন্য পারমিট পারিবারিক স্পনসরশিপের আওতায় বসবাসকারী ব্যক্তিদের নির্দিষ্ট শর্তে কাজের অনুমতি দেয়।

স্বল্পমেয়াদি কাজের জন্য রয়েছে টেম্পোরারি ও মিশন ওয়ার্ক পারমিট, সীমিত সময় কাজের জন্য পার্ট-টাইম ওয়ার্ক পারমিট এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের জন্য কঠোর শর্তসাপেক্ষে জুভেনাইল ওয়ার্ক পারমিট।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পারমিট ব্যবস্থা শ্রমিক ও নিয়োগকর্তা—উভয়ের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শ্রমবাজারকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করছে। বৈধ পারমিট ছাড়া কাজ করা বা করালে শ্রম আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইউএই সরকার শ্রমিকদের অধিকার সুরক্ষা ও বৈধ কর্মসংস্থান নিশ্চিত করতে এসব নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রেখেছে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights