কুড়িগ্রাম-৩ আসনের এমপি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
কুড়িগ্রাম প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কুড়িগ্রাম-৩ আসনের সকল ২৭ জন সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন রংপুর সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি বিষয়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর একেএম জাবেদ হাসান জুয়েল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রণব সরকার।
মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতকরণ, গণভোট প্রচারণায় আইনানুগ সীমারেখা মেনে চলা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
