পাকিস্তানের টিকেটও কাটা শেষ?
অনলাইন ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলছে নাটকীয়তা। পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও আছে বেশ অনিশ্চয়তা। তবে তার মাঝেই চাঞ্চল্যকর খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা আসরে অংশ নিতে সোমবার কলম্বোর উদ্দেশ্যে পাকিস্তান দলের টিকিট বুক করা হলেও টুর্নামেন্টে তাদের খেলা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তার মেঘ। ভারত থেকে বাংলাদেশে ম্যাচ সরানোর আবেদন আইসিসি নাকচ করে দেওয়ায় এবং পরবর্তীতে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় প্রতিবাদী অবস্থানে রয়েছে পিসিবি। বোর্ড প্রধান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ছাড়া চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন থাকলেও মাঠের প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না পাকিস্তান। লাহোর থেকে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া দলের সঙ্গেই বাবর আজমদের দেশ ছাড়ার কথা রয়েছে। এই সিদ্ধান্তহীনতার মাঝেও ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমনকি খাইবার পাখতুনখোয়া থেকে আসা ক্রিকেটাররা এক মাসের বেশি সময় দেশের বাইরে থাকার প্রস্তুতি নিয়ে সব সরঞ্জাম গুছিয়েই ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে সবটাই নির্ভর করছে শুক্রবারের ওপর। ধারণা করা হচ্ছে, এদিনই মহসিন নকভি পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
রাজনৈতিক মহলের পাশাপাশি সাবেক বোর্ড প্রধানদের সাথেও পরামর্শ করছেন বর্তমান পিসিবি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার পরামর্শ দিলেও অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে টুর্নামেন্ট বর্জন না করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে নাজাম শেঠি এবং রমিজ রাজার মতো সাবেক ক্রিকেট কর্তারাও ভারতকে বয়কট না করার এবং শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষেই মত দিয়েছেন।
