বঙ্গোপসাগরে ভারত–রাশিয়ার যৌথ নৌ মহড়া ফেব্রুয়ারিতে

অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ নামের এই নৌ মহড়ায় দুই দেশের নৌবাহিনী অংশ নেবে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, ‘মিলান ২০২৬’-এ রুশ নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট মার্শাল শাপোশনিকভসহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেবে। রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে তাস জানায়, বিশালাকৃতির ও আধুনিক সক্ষমতাসম্পন্ন এই রণতরী সমুদ্র থেকে একযোগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।

রুশ নৌবাহিনী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রমে মার্শাল শাপোশনিকভ ব্যবহার করে থাকে। মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজটি ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়, বুধবার জাহাজটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে। বঙ্গোপসাগরে মহড়া শেষে এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে রওনা দেবে এবং ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই নৌ মহড়ার পরিকল্পনা তিন মাস আগেই ঘোষণা করেছিল ভারতীয় নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে এক ঘোষণায় ভারতের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন এ তথ্য জানান।

সূত্র: তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights