নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে সদর আসনের ছয় প্রার্থী উন্নয়নের পাশাপাশি নিরাপদ জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার দুপুরে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

ছয় মিনিটের বক্তব্যে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এবং দেশের মধ্যে একমাত্র নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।

বলেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেজা, বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক, বিসিক স্থাপন, সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নতি এবং বাইপাস ও জেলা সদরে ওভারব্রীজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শিক্ষা নগরী হিসেবে গড়ার প্রত্যয় রয়েছে।

দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, আমরা নীলফামারীকে উন্নত নীলফামারী হিসেবে গড়তে চাই। জেলাটি পিছিয়ে রয়েছে, সম্ভাবনায় জেলা হিসেবে নীলফামারীতে অর্থনীতির চাকা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও কৃষি ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেয়ার প্রত্যয় রয়েছে।

অন্যান্যের মধ্যে হাতপাখার প্রার্থী অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, দেওয়াল ঘড়ির প্রার্থী সারোয়ারুল আলম, টেলিভিশন প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনার পর স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান।
অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন ভোটারসহ প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights