রাজবাড়ীর পদ্মা নদীর তীরে ‘জলাঙ্গী’

রাজবাড়ী প্রতিনিধি

স্থানীয় পর্যটন ও নাগরিক বিনোদন বাড়াতে রাজবাড়ীর পদ্মা নদীর তীরে নির্মিত নতুন বিনোদন কেন্দ্র ‘জলাঙ্গী’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সুলতানা আক্তার এর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, পদ্মা নদীকে ঘিরে রাজবাড়ীতে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পদ্মার তীরে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসেন। তাদের বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। ‘আই লাভ রাজবাড়ী’ ও ‘জলকাব্য’ নামে দুইটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রতিদিন মানুষ নদী তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই স্থাপনাগুলো সংরক্ষণ করার দায়িত্ব স্থানীয়দের বলেও জানান তিনি।

উদ্বোধনের পর মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন মোজানাত পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর চন্দ্র বৈদ্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী শহরের পদ্মা নদীর তীরে আকর্ষণীয় স্থাপনা ‘ আই লাভ রাজবাড়ী’, ‘জলকাব্য’ উদ্বোধনের পর পদ্মার তীরে দর্শনার্থীদের ঢল নামে। কর্মসংস্থান হয় শতাধিক মানুষের। পদ্মার ইলিশ ও দর্শনাথীদের বসার জন্য নতুন করে বেশ কয়েকটি বেঞ্চসহ ইলিশের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এটি জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

এদিকে বিনোদন কেন্দ্র উদ্বোধনের পর অনেক দর্শনার্থী ঘুরতে এসেছে। পদ্মার তীরে আসা বেশ কয়েকজন দর্শনার্থী বলেন, রাজবাড়ীর পদ্মার তীরের সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে অনেকেই ভাবেন নাই। বর্তমান জেলা প্রশাসক বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করেছেন। ‘জলাঙ্গী’ স্থাপনাটি পদ্মার রূপালী ইলিশের প্রতীক হিসাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights