জ্বালানি সুইচে গোলযোগ, বড় দুর্ঘটনার শঙ্কায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

বড়সড় যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় ফের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। জানা গেছে, হিথ্রো থেকে বেঙ্গালুরুতে অবতরণের পর বিমানটির ফুয়েল কন্ট্রোল সুইচে গোলযোগ ধরা পড়ে। ইঞ্জিন চালু করার সময় বাঁদিকের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচটি রান পজিশনে না থেকে নিজে থেকেই দুবার কাট অফ পজিশনে চলে যায়। বিষয়টি নজরে আসতেই বিমানটিকে ফ্লাইট না দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, পাইলটের রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এবং বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংকে জানানো হয়েছে। বোয়িংয়ের প্রতিনিধিরা এই ত্রুটি খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই সংস্থা।

২০২৫ সালের জুন মাসে আমদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচগুলি রহস্যজনকভাবে ‘কাট অফ’ মোডে চলে গিয়েছিল। এর ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। সে সময় ককপিট ভয়েস রেকর্ডারে এক পাইলট অন্যজনকে সুইচ বন্ধ করার বিষয়ে প্রশ্ন করলেও অন্যজন তা অস্বীকার করেছিলেন। বর্তমান ঘটনার সঙ্গে গত বছরের সেই ভয়াবহ দুর্ঘটনার চারিত্রিক মিল থাকায় চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights