‘প্রত্যেকে একেক জন তারেক রহমান হয়ে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধান করবেন’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম তার দলীয় পোলিং এজেন্টদের প্রত্যেককে এক একজন তারেক রহমান হয়ে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধানের নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উক্ত আসনে বিএনপির পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, এতদিনের নির্বাচন কার্যক্রম নিয়ে দলের নেতাকর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন তার ফসল ঘরে তুলতে হবে। উক্ত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনা পর্যবেক্ষণের কাজে শিথিলতা সব পরিশ্রম ব্যর্থ করে দিতে পারে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে কাউকে রেখে যেতে হবে। ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার লিস্ট ধরে প্রত্যেক ভোটারের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে যেন কেউ ভুয়া ভোট না দিতে পারে।

নির্বাচনি প্রশিক্ষকরা এজেন্টদের উদ্দেশে বলেন, তাদের খেয়াল রাখতে হবে তারা সেদিন রাজার আসনে থাকবেন। যেকোনো অনিয়মের সাথে সাথে প্রতিবাদ করে তা সংশোধনের ব্যবস্থা করবেন। প্রয়োজনে পুনরায় ভোট গণনা করাবেন। সকল বিষয়ে সুনিশ্চিত না হয়ে কোনো পেপারে সই করবেন না। কয়েকশ’ পোলিং এজেন্ট এ প্রশিক্ষণে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights