সিলেটে জামায়াত আমিরের সমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট সফরে আসছেন। এইদিন তিনি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এ জনসভায় লাখো মানুষের উপস্থিতির আশা করছে সিলেট জেলা ও মহানগর জামায়াত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানানো হয়।

নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়ে সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম এবং নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন। শনিবার বেলা ২টায় জনসভা শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে। আয়োজকরা এ সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন।

আরও জানানো হয়, শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন এবং সেখানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এরপর সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখান থেকে বেলা ২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি সিলেটে এসে পৌঁছাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights