নির্বাচিত হলে ঢাকা-৫ আসনকে মডেল হিসেবে গড়ে তুলব: নবীউল্লাহ নবী

অনলাইন প্রতিবেদক

নির্বাচিত হলে ঢাকা-৫ আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলবেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। বৃহস্পতিবার ৬২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, ইনশাআল্লাহ মানুষের বিপুল সমর্থনে বিজয়ী হলে এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। এই অগ্রযাত্রায় আপনাদের পাশে চাই।

তিনি বলেন, এই আসনে পর্যাপ্ত হাসপাতাল, সরকারি বিশ্ববিদ্যালয়, খেলাধুলার মাঠ কিংবা শিশু পার্ক; কোনোটিই নেই। অল্প বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্বাধীনতার পর এখন পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান হয়নি। আমি নির্বাচিত হলে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা অনুযায়ী এসব সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করছি।

এছাড়া ঢাকা-৫ আসনে গ্যাসের তীব্র সংকট রয়েছে। এ বিষয়টি নজরে এনে নবীউল্লাহ নবী বলেন, গ্যাস সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আমি অবশ্যই কাজ করব। ইতিমধ্যে এলাকাবাসীকে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি।

গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights