যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

পিরোজপুর প্রতিনিধি :
যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। যুবসমাজকে আশ্বস্ত করে তিনি বলেন, আমরা যুবসমাজকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে। এরপর তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে।

শুক্রবার বিকাল ৪টার দিকে পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে।’

যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে বলে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম।’

ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, যোগ্যতা ও দেশপ্রেমই হবে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি। নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, মায়েদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। মায়ের অপমান এ জাতি সহ্য করবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল-সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি তিনি ঘোষণা করেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি বলে কোনো ভেদাভেদ থাকবে না, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান। পিরোজপুর ১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর ২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী ও পিরোজপুর ৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights