শ্রীলঙ্কার অনুরোধে ভারতের সঙ্গে ম্যাচ বর্জন নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে পিসিবি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাঠানো ই-মেইলের বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নজরে আনবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়েছে পাকিস্তান সরকার। গত সপ্তাহে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে এবং পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এতে অনড় থাকার কথা জানান। কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচটি।

ভারত–পাকিস্তান ম্যাচটি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আইসিসির পাশাপাশি টিকিট বিক্রি, আতিথেয়তা ও বাণিজ্যিক আয়ের বড় অংশ নির্ভর করছে এই ম্যাচের ওপর। সে কারণেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পিসিবিকে চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা বোর্ড।

শ্রীলঙ্কার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পিসিবি। সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, লঙ্কানদের অনুরোধ পাওয়ার পর ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

একটি সূত্র জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা সরাসরি মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে থাকার বিষয়টি তুলে ধরেছেন। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে এসএলসির রাজস্ব ক্ষতির বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন।

এর আগে কিছু গণমাধ্যমে দাবি করা হয়, শ্রীলঙ্কার অনুরোধ নাকচ করে দিয়েছে পিসিবি। তবে সূত্র বলছে, বিষয়টি সঠিক নয়। দেশের বাইরে থাকা পিসিবি চেয়ারম্যান নাকভি দেশে ফিরলেই সরকারের সঙ্গে আলোচনা করবেন।

সূত্র আরও জানায়, শ্রীলঙ্কার পাঠানো ইমেইলটি প্রধানমন্ত্রীকে অবহিত করার পর সোমবারের মধ্যেই ভারত ম্যাচ বর্জন প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights