নারায়ণগঞ্জ-৪: এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার ভূইগড়ের একটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মামুনুল হক এই ঘোষণা দেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থিতা নিয়ে ধোঁয়াশার অবসান ঘটেছে। সেইসঙ্গে তাদের শক্তি আরও বেড়েছে।
মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের প্রার্থী থাকলেও আমাদের নির্বাচনের জরিপ অনুযায়ী দেখতে পেরেছি, আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তাই আমরা আসন হারাতে চাই না। সে কারণেই জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়া আমাদের ১১ দলীয় জোট প্রার্থী।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন প্রার্থী থাকলেও তিনি যোগ্য ও বিজয়ী হওয়ার মতো। কিন্তু তারপরেও একই মাঠে দুজন লড়বেন এটা জোটের মধ্যে সমস্যা তৈরি করবে। সে কারণে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে ‘শাপলা কলি’র আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তাকে জয়ী করার প্রাণান্তর চেষ্টা করব।
মামুনুল হক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন জুলাইযোদ্ধারা। তারা আমাদের ছোট হলেও আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন। তাদের প্রতি আমাদের সমর্থন ও ভালোবাসা থাকবে।
