ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন ফারুক আহমেদ

অনলাইন ডেস্ক

বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে সম্প্রতি বিসিবির সবচেয়ে আলোচিত-সমালোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে গণমাধ্যমে প্রকাশিত একটি ছবি।

ছবিতে দেখা যায়, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে কথা বলছিলেন তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম।

আলোচিত ওই ছবি এবং ক্যাপশন থেকে তাদের মধ্যে বাগবিতণ্ডার আভাস মিলেছিল। তবে সেরকম কিছু একেবারেই অস্বীকার করলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

রবিবার পূর্বাচলে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন ফারুক। সেখানে ম্যাচ শেষে তিনি জানান, আলোচিত ওই ছবিটি এআই দিয়ে তৈরি হতে পারে।

মূলত আলোচিত ছবিটিতে আঙুল তুলে এম নাজমুলকে কিছু একটা বলতে দেখা যাচ্ছিল ফারুককে। সেই অঙ্গভঙ্গির ব্যাখ্যায় ফারুক জানান, আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।

এছাড়া আঙুলের ছবিটি এআই দিয়ে তৈরি বলে মন্তব্য করে ফারুক বলেন, ‘এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’

আলোচিত সেই ছবির জন্য বিসিবির পক্ষ থেকে ওই ফটোসাংবাদিককে সতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে ফারুক জানান, আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।

সাংবাদিকতার এমন ‘অস্পষ্ট’ ধরন নিয়ে হতাশা প্রকাশ করে ফারুক বলেন, আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights