বয়কট প্রত্যাহার, আল নাসরের হয়ে মাঠে ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
দু’ম্যাচের বয়কটের পর অবশেষে আল নাসরের হয়ে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবকিছু ঠিক থাকলে ১৪ ফেব্রুয়ারি আল আল ফাতেহের বিপক্ষে ম্যাচেই সৌদি প্রো লিগে আবার দেখা যাবে পর্তুগিজ মহাতারকাকে।

সূত্রের বরাতে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে সৃষ্ট বিরোধের অবসান হওয়ায় মাঠে ফিরতে রাজি হয়েছেন রোনালদো। পিআইএফ সৌদি আরবের চারটি শীর্ষ ক্লাবের নিয়ন্ত্রণে রয়েছে।

আল নাসরের চেয়ে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনালদো। প্রতিবাদস্বরূপ আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে স্কোয়াড থেকেই নিজেকে সরিয়ে নেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএফ রোনালদোর একাধিক দাবি মেনে নেওয়ায় তিনি বয়কট প্রত্যাহার করেছেন। এর মধ্যে রয়েছে আল নাসরের বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন পুনর্বহাল। ফলে সাময়িক বরখাস্ত হওয়া স্পোর্টিং ডিরেক্টর সিমাও কউতিনহো এবং সিইও জোসে সেমেডো আবার নিজ নিজ দায়িত্বে ফিরতে পারবেন।

এর আগে সৌদি প্রো লিগ এক বিবৃতিতে সতর্ক করে জানায়, খেলোয়াড়রা ক্লাব পরিচালনার বাইরের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারবেন না। বিবৃতিতে বলা হয়, ‘সৌদি প্রো লিগের প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয় এবং একই নীতিমালার আওতায় থাকে। ক্লাব পরিচালনা, খেলোয়াড় নিয়োগ, ব্যয় ও কৌশল নির্ধারণ সংশ্লিষ্ট ক্লাবের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, যা লিগজুড়ে প্রতিযোগিতামূলক ভারসাম্য নিশ্চিত করে।’

চলতি মৌসুমে আল নাসরের হয়ে ২২ ম্যাচে ১৮ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন রোনালদো। লিগ টেবিলে ২ নম্বরে রয়েছে তার দল, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights