ঢাকা-১৭ : বনানীর টিএন্ডটি কেন্দ্রে তরুণ ভোটারদের ঢল

শামীম আহমেদ ও ইমরান রহমান

ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা ছুঁই ছুঁই। ঢাকা-১৭ আসনের টিএন্ডটি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের লাইন ভোটকক্ষ থেকে শুরু করে ছাড়িয়ে পৌঁছে গেছে বিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত।

স্কুল ভবনের চারতলা জুড়ে লাইনে দাঁড়িয়ে থাকা দুই শতাধিক ভোটারের মধ্যে হাতে গোনা মাত্র ১০ থেকে ১৫ জনের বয়স চল্লিশের ওপরে। অর্থাৎ প্রায় ৯৫ শতাংশ ভোটারের বয়স ৪০ বছরের নিচে আর অধিকাংশের বয়স ৩০ বছরেরও কম। তাদের অর্ধেকের বেশি জীবনে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন।

টিএন্ডটি বালক উচ্চ বিদ্যালয়ে (পুরুষ কেন্দ্র) থাকা চারটি ভোটকক্ষে বেলা সাড়ে ১২টার মধ্যেই ২৩ থেকে ৩৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই কেন্দ্রের ভোটারদের বড় অংশ কড়াইল বস্তির বাসিন্দা। লাইনে ভোটের স্লিপ হাতে দাঁড়িয়ে থাকা মহিউদ্দিন জানান, তার গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে থাকেন কড়াইল বস্তিতে। ২০১৭ সালে ভোটার হয়েছেন। ভোটার হওয়ার নয় বছর পর জীবনে প্রথমবার ভোট দিচ্ছেন তিনি। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেননি।

আরেক ভোটার শামীম আকন্দ বলেন, তার জন্ম ১৯৯৮ সালে। ২০১৯ সালে ভোটার হয়েছেন। মুদি দোকানের ব্যবসা করেন। ২৮ বছর বয়সে এবারই প্রথম ভোট দিচ্ছেন। একই বয়সী তরুণ মো. রাজু বলেন, ২০১৯ সালে ভোটার হয়েছি। লাভ নেই জেনে ২০২৪ সালে ভোট দিতে যাইনি। এবারই প্রথম ভোট দিচ্ছি।

অনলাইন ব্যবসায়ী মেরাজি নামে এক তরুণ বলেন, ভিন্ন মতাবলম্বীদের জন্য নির্যাতনকারী হোক, এমন সরকার যাতে আর না হয়- সেজন্য ভোট দিতে এসেছি। যে সরকারই আসুক, সে যেন আপামর জনগণের সরকার হয়। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই যেন হয় নতুন সরকারের প্রধান কাজ।

অটোরিকশা চালক মো. ইব্রাহিম বলেন, নতুন সরকার কর্মসংস্থানে জোর দিলে আমাদের মতো খেটে খাওয়া মানুষদের উপকার হবে। অটোরিকশা চালিয়ে পাঁচজনের সংসার চালানো খুবই কষ্টের। বস্তিতে থাকলেও ৫-৬ হাজার টাকা ভাড়া দিতে হয়। আমাদের পুনর্বাসন করলে বাকি জীবনটা ভালো চলবে।

কড়াইল টিএন্ডটি বালক উচ্চ বিদ্যালয়ে মোট চারটি ভোটকেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ১৩ হাজার ৬৫৭ জন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত চারটি কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৩৭ শতাংশ, ৩৩.৮ শতাংশ, ২৩ শতাংশ ও ২৫ শতাংশ। ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

এই আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন এবং মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহ। তবে ভোটের মূল লড়াইয়ে শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক ঘিরেই আলোচনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights