ঢাকা-৫ আসনের ২টি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ

অনলাইন প্রতিবেদক
ঢাকা-৫ আসনের মাতুয়াইল আদর্শ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ও মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের কিছু কিছু বুথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন।

সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন ভোটার। তাদের দাবি, লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দুইটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, ভোটগ্রহণে যাতে কোনো ধরনের জটিলতা না থাকে, সে বিষয়টি নিশ্চিত করেই ধীরে ও সতর্কতার সঙ্গে ভোট নেওয়া হচ্ছে।

তারা আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটগ্রহণ দ্রুততর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে এসেছেন। অনেকেই বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়ে তারা আনন্দিত।

কেন্দ্র দু’টির প্রিজাইডিং অফিসাররা আরও জানান, দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এ আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির নবীউল্লাহ নবী ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights