হিংসা-বিদ্বেষ চাই না: শহিদুল ইসলাম বাবুল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের নবনির্বাচিত এমপি ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নিজ নির্বাচনী এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। শুক্রবার দুপুরে ভাঙ্গা ঈদগাহ মসজিদ সংলগ্ন মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, ‘ফরিদপুর-৪ আসনে কোনো হিংসা, বিদ্বেষ, সংঘাত, সহিংসতা আমরা চাই না। এটা আমরা হতে দেবো না।’
নিজ নির্বাচনী এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বলেন, ‘আমার কাছে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত বলে কথা নাই। আমাকে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। তাদের দায়িত্ব যেমন আমাদের, যারা ভোট দেন নাই, তাদের দায়িত্বও আমাদের। বিএনপির দায়িত্ব যেমন আমাদের, আওয়ামী লীগ-জামায়াতে ইসলামসহ অন্য দলের যারা আছেন, তাদের দায়িত্বও আমাদের।’
সম্প্রীতি প্রতিষ্ঠার ব্যাপারে তিনি বলেন, মুসলমানের দায়িত্ব যেমন আমাদের, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের।
নির্বাচন-পরবর্তী সহিংসতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভাঙ্গায় নির্বাচন-পরবর্তী কোনো প্রতিহিংসা সহ্য করা হবে না। জিরো টলারেন্স। কোনো প্রতিহিংসার রাজনীতি এখানে হতে দেবো না।
তিনি বলেন, এমন সুন্দর ও উৎসবমুখর নির্বাচন মানুষ বহুকাল দেখেনি। আমার সবচেয়ে বড় সম্পদ এ এলাকার জনগণ। তাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করলাম। এ আসনের অন্য প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা আমার প্রতিদ্বন্দ্বী, আমার প্রতিপক্ষ নয়।
