সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়

স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে লিড নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারল না লেস্টার সিটি। অতিরিক্ত সময়ে গোল হজম করে এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীর ক্লাবকে। ২-১ ব্যবধানে জিতে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে সাউদাম্পটন। ইনজুরির কারণে এদিনও মাঠে নামতে পারেননি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।

শনিবার রাতে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে এগিয়ে যায় সাউদাম্পটন। পেনাল্টি এরিয়ায় স্যামুয়েল এডোজিকে ফাউল করলে স্পট কিকের সুযোগ পায় স্বাগতিকরা। কাইল লারিন সফল শটে দলকে লিড এনে দেন।

বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে লেস্টার। আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরে তারা। অধিনায়কের চমৎকার বাইসাইকেল কিকে জালে বল জড়ালে ১-১ সমতা ফিরে আসে ম্যাচে। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি। ইনজুরি সময়ের শেষদিকে গোললাইনের সামনে দারুণ রক্ষণে লেস্টারকে হতাশ করেন সাউদাম্পটনের নাথান উড।

সমতা নিয়েই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে জেমস ব্রির শক্ত হেড টপ কর্নারে জাল খুঁজে নেয়। ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।

অন্য ম্যাচে চমক দেখিয়েছে ম্যানসফিল্ড টাউন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্নলি-কে ২-১ গোলে হারিয়ে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে তারা।

প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সালফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। বেঞ্চের কয়েকজনকে সুযোগ দিয়েই জয় তুলে নেয় সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights