নওগাঁয় খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক কসাই ও তার সহযোগীর বিরুদ্ধে। রবিবার সকালে উপজেলার মুকুন্দপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে তোপের মুখে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এনজাত আলী ও তার সহযোগী দুদু দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংস বিক্রি করে আসছিলেন। তাদের মাংসের দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেরই সন্দেহ ছিল। রবিবার সকালে মুকুন্দপুর এলাকায় তারা গোপনে একটি কুকুর জবাই করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তির নজরে আসে।

তারপর কাছে গিয়ে তারা দেখেন অভিযুক্তরা একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চিৎকার করলে তারা পালিয়ে যায়। ​পরে পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা কুকুর ও মাংস কাটার সরঞ্জাম জব্দ করে।

ধামুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, কুকুরের মাংস বিক্রির খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights